জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভা, ৪ আগস্ট বর্ণাঢ্য র‍্যালির ঘোষণা

'গণঅভ্যুত্থানের ভিত্তি রচনা করেছিল বিএনপি'— এরশাদ উল্লাহ এম পি

চট্টগ্রাম:  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। শুক্রবার নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী ৪ আগস্ট বর্ণাঢ্য র‍্যালি এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের ভিত্তি রচনা করেছিল বিএনপি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, অসংখ্য নেতাকর্মীর ত্যাগ, নির্যাতন ও আত্মদানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের পথ সুগম হয়। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ ও প্রতিবাদ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, অসংখ্য ছাত্র-ছাত্রী, তরুণ ও কিশোর-কিশোরীর আত্মত্যাগের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছিল এবং সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সবার নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, গত বছরও বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। এবারও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো জনগণকে সঙ্গে নিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৪ আগস্ট বিকেলে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে নিউমার্কেট পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন করা হয়।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

প্রস্তুতি সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং যুবদল, মহিলা দল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও ওলামা দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের আহ্বান জানান। একই সঙ্গে গৃহীত সকল কর্মসূচি সফল করতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.