আনোয়ারায় টানেল সড়কে নিয়ন্ত্রণ হারানো বাসের তাণ্ডব: কয়েকটি সিএনজি চাপা দিয়ে পানের দোকানে বাস, নিহত ২, আহত অন্তত ৩০
চট্টগ্রাম, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সড়কের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস কয়েকটি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশের একটি পানের দোকানে ঢুকে পড়েছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কেইপিজেডের শ্রমিক পরিবহনকারী একটি এবিটি বাস টানেল সড়কের মুখে গোলচত্বরে দ্রুতগতিতে ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি পাশের কয়েকটি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার ধারের একটি পানের দোকানে ঢুকে পড়ে।
দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং পানের দোকানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুহূর্তেই ঘটনাস্থলে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য কর্ণফুলী টানেল সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.