সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় আহত যুবকের চারদিন পর মৃত্যু

ফৌজদারহাটের জলিল গেট এলাকায় দুর্ঘটনা; চালক ও গাড়ি এখনও অধরা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের জলিল গেট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত ইয়াছিন আরাফাত রনি (৩০) চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর মারা গেছেন।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের লাল মিয়া সারেং বাড়ির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ ইসলাম (ইসলাম ফকির)-এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ফৌজদারহাটের জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, রনি একটি শিপইয়ার্ডে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা ওই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.