ব্রাজিলের হার নিয়ে ছিল শেষ ফেসবুক স্ট্যাটাস, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফুটবলার জুয়েলের

চট্টগ্রাম, ৭ জুলাই: রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছিলেন। নরওয়ের কাছে ২-১ গোলে হারের কষ্ট প্রকাশ করে ফেসবুকে শেষ স্ট্যাটাসও দিয়েছিলেন। কিন্তু কয়েক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চট্টগ্রামের বাঁশখালীর তরুণ ফুটবলার জুয়েল রানা (২৫)।

সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্যা পাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে চাম্বল ইউনিয়নের সিকদার দোকান এলাকা থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন জুয়েল। পথে দারোগা বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জুয়েল লিখেছিলেন, “দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” সেই স্ট্যাটাসই এখন তার শেষ স্মৃতি হয়ে রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, জুয়েল একজন প্রতিভাবান ফুটবলার ছিলেন। কয়েকদিন আগেও চাম্বল মাঠে আয়োজিত একটি টুর্নামেন্টে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছোট ভাই মো. আরাফাত বলেন, “সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনায় আমার ভাই মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে আনা হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।”

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.