মিয়ানমারে পাচারের পথে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, বোট আটক

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩০০ বস্তা সিমেন্টসহ একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের বহিনোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ও নরম্যান্স পয়েন্ট। অভিযানের সময় সন্দেহভাজন একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে।

জব্দকৃত সিমেন্ট ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.