চট্টগ্রামে পৃথক দুই সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজান উপজেলার নোয়াপাড়ায় পৃথক দুই ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নগরীর ধনিয়ালাপাড়ায় নিহত দুজন হলেন নোয়াখালী সদর উপজেলার সাকিব এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকার হৃদয় মিয়া (২৫)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেইনে আমেরিকান বিল্ডিং ও লাকি ম্যানসনের পাশের একটি নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় দুই শ্রমিক আটকা পড়েন। পরে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে একই সময়ে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন প্রদীপ দাস ও সমীরণ দাস।
রাউজান থানা পুলিশ জানায়, সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
একই দিনে পৃথক দুই স্থানে সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.