সন্দ্বীপে অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী বাবলু গ্রেপ্তার, জেলা পুলিশের অভিযানে আটক ২১৩

সন্দ্বীপে অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী বাবলু গ্রেপ্তার, জেলা পুলিশের অভিযানে আটক ২১৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে আরও একজনকে আটক করা হয়েছে। এদিকে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ২১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম গত ৭ মে জেলায় যোগদানের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা দেন। এর ধারাবাহিকতায় জেলার সব থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে।

সন্দ্বীপ থানার একটি বিশেষ অভিযানে মিলাদ হোসেন বাবলু (৩৫) ও মো. জুয়েল রানা (৩৬)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহের বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় এলজি, ৪টি কার্তুজ, ১টি ছেনি, ১টি চাপাতি, ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২০টি মামলার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী অভিযানে জেলার ১৭টি থানা এলাকায় এ পর্যন্ত ১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার, ৯টি মামলা রুজু এবং ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৪৫ হাজার ৮৩ পিস ইয়াবা, ৯২ কেজি গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ১৫২টি মামলা দায়েরের পাশাপাশি ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত ৫টি মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.