আবুধাবি ফেরত তিন যাত্রীর লাগেজে ৬৪৭ কার্টন সিগারেট ও নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার, বিমানবন্দরে জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমের চালান আটক করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে আবুধাবি থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৫০-এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়। বিমানবন্দর কাস্টমস, এনএসআই, ডিজিএফআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের সমন্বয়ে আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৬৪৭ কার্টন সিগারেট (মন্ড) এবং ২৪০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়। উদ্ধার হওয়া সিগারেটের বিপরীতে প্রায় ১২ লাখ ৯৪ হাজার টাকা রাজস্ব আদায়ের তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটক পণ্য বহনের অভিযোগে তিন যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বোয়ালখালীর আবুল কালাম, বাঁশখালীর হাসান মিয়া এবং রাউজানের মোহাম্মদ হাসান।

কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত পণ্য বিভাগীয় স্মারক (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে অভিযুক্ত তিন যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত মে মাসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ হাজার ৮৩৪ কার্টন অবৈধ সিগারেট এবং ২ হাজার ৭৫১ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়েছে, যা উদ্বেগজনক প্রবণতার ইঙ্গিত দেয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান দমন এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.