ট্রেনে ইয়াবা পরিবহণ: প্রবাল এক্সপ্রেসে অভিযান: প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১,
চট্টগ্রাম, ৭ জুন: চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ বিশেষ অভিযানে প্রবাল এক্সপ্রেস ট্রেন থেকে ১৯ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় মো. ইসমাইল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার তাহুরা জান্নাতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই (নিঃ) বিশ্বজিৎ পাল ও সঙ্গীয় ফোর্স। এ সময় ট্রেনের ‘গ’ বগির টয়লেটের সামনে সন্দেহজনক অবস্থায় থাকা মো. ইসমাইল হোসেনকে আটক করা হয়।
পরে তার কাঁধে ঝুলানো ব্যাগ তল্লাশি করে কালো রঙের পলিব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৯ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে বিকেল ৩টা ৫০ মিনিটে জব্দতালিকা অনুযায়ী মাদকগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মনিরামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
রেলওয়ে পুলিশ আরও জানায়, সম্প্রতি চট্টগ্রাম রেলওয়ে জেলার ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। গত ২ জুন কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত ২৫ মে কক্সবাজার আইকনিক স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৬৫০ পিস ইয়াবা জব্দ ও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। ওই ইয়াবার আনুমানিক মূল্য ছিল ২২ লাখ ৯৫ হাজার টাকা।
চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.