মেহেদী অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান; বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চাচাত বোনের মেহেদি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল আজিজ (২৬) এবং সদস্য মো. রায়হান (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকার আলামিয়া টেণ্ডল বাড়িতে এক কনের মেহেদি অনুষ্ঠানে মঞ্চে বসে ‘জয় বাংলা’ স্লোগান দেন ওই দুই ছাত্রলীগ নেতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি পুলিশের নজরে এলে তদন্তের ভিত্তিতে শনিবার রাতে কনের বিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার দুইজনকে পরবর্তীতে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.