পটিয়ায় বাস চাপায় দুই কিশোর নিহত, আহত আরও একজন

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে মো. তাজলিম (১৭) এবং আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। আহত জয় (১৮)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়। দুপুরে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে রাখে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.