চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামি ‘দেব’ গ্রেফতার

বহুল আলোচিত চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ‘দেব’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিকেলে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন বলুয়ার দিঘী এলাকায় অভিযান পরিচালনা করে দেব (২৫) নামে ওই আসামিকে আটক করা হয়। তিনি কোতোয়ালী থানার সেবক কলোনী এলাকার শেরীপ প্রকাশ শরিফ দাশের ছেলে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে ভাঙচুর চালায়।

পরবর্তীতে আদালতের বিপরীতে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় বিক্ষোভকারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কর্মবিরতি পালন করে।

ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে তারা গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.