জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬: জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
তিনি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাঠ প্রশাসনের কর্মকর্তারা কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবেন না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পূরক ভূমিকার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষই এ দেশের প্রকৃত মালিক। সরকারি কর্মচারীদের মনস্তত্ত্বে সবসময় এই বিষয়টি থাকতে হবে যে, তারা জনগণের সেবক। জনগণের সেবার মানসিকতা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
ভূমি প্রতিমন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনে আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। জনগণ যেন সরকারি সেবা পেতে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার শিকার না হন, সে বিষয়েও কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সভাপতিত্ব করেন। এতে দেশের সকল বিভাগের বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.