রাউজানে আপসের কথা বলে প্রবাসীকে ডেকে নিয়ে ছুরিকাঘাত, স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

৮

চট্টগ্রামের রাউজানে আপস-মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী ও তাঁর সঙ্গীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের পরিবারের সদস্যদের ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন প্রবাসী ইলিয়াস আলী ও তাঁর সঙ্গী রুহুল আমিন। তাঁরা চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে সারোয়ারের নেতৃত্বে ১০টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জনের একটি দল উত্তরপাড়া এলাকায় যায়। পরে তারা আপস-মীমাংলার কথা বলে ইলিয়াস আলী ও রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নেয়। বাড়ির সামনে আসার পর তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

এ সময় হামলাকারীরা ইলিয়াস আলীর স্ত্রী, ছেলের বউসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে। পরে বাড়ি থেকে স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহতদের পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, সারোয়ার গত দুই মাস ধরে প্রবাসী ইলিয়াস আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় লোকজন নিয়ে এ হামলা চালানো হয়।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আপসের কথা বলে ইলিয়াস আলী ও তাঁর সঙ্গী রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। তাঁদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি চাঁদাবাজির উদ্দেশ্যে ঘটেছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। থানায় মামলা রেকর্ড করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.