এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বন্দর রক্ষা কমিটির মিছিল
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ডিপি ওয়ার্ল্ডসহ দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বন্দর অভিমুখে এগিয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’, ‘আমার মাটি আমার মা, বিদেশিদের দেব না’ এবং ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’—স্লোগান দেন।
পরে পৌনে ১২টার দিকে মিছিলটি বন্দরের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশের অনুরোধে কর্মসূচি শেষ করা হয়।
মিছিলপূর্ব সমাবেশে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘চট্টগ্রাম বন্দর সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি সিসিটি ও এনসিটি ইজারা দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন।’
পুলিশের অনুরোধের বিষয়ে দেলোয়ার মজুমদার বলেন, ‘পুলিশ অনুরোধ জানিয়েছে, তাই এ কর্মসূচি শেষ করেছি।’
এ সময় তিনি আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের গেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
বন্দর রক্ষা কমিটির নেতাকর্মীরা বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার যে কোনো উদ্যোগের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.