চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রাণী ধর মারা গেছেন,চিন্ময়ের প্যারোলের আবেদন

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রাণী ধর (৭১) মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মেখল এলাকার পুণ্ডরিক ধামে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে।

সন্ধ্যা রাণী ধরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ, নিম্ন রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাঁকে পুণ্ডরিক ধামে নেওয়া হয়।

তিন ভাই ও এক বোনের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সবার ছোট। গুরুতর অসুস্থ মাকে দেখতে কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য বুধবার কারা ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে আবেদন করেছিল তাঁর পরিবার।

চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আমার মায়ের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসা শেষে তাঁকে ধামে নিয়ে আসা হয়েছিল।’

পুণ্ডরিক ধাম সূত্রে জানা গেছে, ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে পুণ্ডরিক ধামেই সন্ধ্যা রাণী ধরকে (শ্রীমতি সখী রসমঞ্জুরী মাতাজি) সমাধি দেওয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.