ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে র্যালি ও মাহফিলকে কেন্দ্র করে জনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে র্যালি ও মাহফিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এসব বিধিনিষেধের কথা জানান।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে র্যালি ও মাহফিল সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে সকল ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া মানুষ বা মূর্তি, কুশপুত্তলিকা প্রদর্শনসহ সংশ্লিষ্ট কর্মকাণ্ডও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সিএমপি জানায়, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মূল জশনে জুলুসের জন্য নির্ধারিত রোড অনুসরণ করতে হবে। নগরীতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সব কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিএমপি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.