যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, স্থানীয় সরকার ভোট আগামী বছরের শুরুতে: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে এবং পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। বিএনপিকে ফ্যাসিবাদী বলা হলে তা হয় জ্ঞানের অভাব থেকে, নয়তো উদ্দেশ্যপ্রণোদিত মানসিকতার বহিঃপ্রকাশ।

জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলের গঠনতন্ত্র ভালোভাবে পড়লে তাদের গণতান্ত্রিক চরিত্র সম্পর্কে নিজেরাই মূল্যায়ন করতে পারবেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন নির্ধারণ করবে। তবে চলতি বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষিখাত নিয়ে তিনি বলেন, সরকার কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন। কৃষিকে আরও লাভজনক করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলেও জানান তিনি।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.