চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আবারও শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৭ জুলাই থেকে পরীক্ষা চলবে। তবে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি চলমান পরীক্ষা শেষ হওয়ার পর ঘোষণা করা হবে।

এর আগে সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। শিক্ষা বোর্ড জানায়, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতে সৃষ্ট দুর্ভোগ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকা পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে প্রকাশ করা হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ছাড়াও রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পরীক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.