সীতাকুণ্ডে শত্রুতার জেরে বাগানের বেশ কিছু গাছ কেটে দেওয়ার অভিযোগ—
চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্বশত্রুতার জেরে একটি বাগানের প্রায় ১৫ থেকে ২০টি আমগাছসহ বিভিন্ন ফলের গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নুরুল আবছার।
থানায় করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর ভাটিয়ারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে বি এম স্কুলের পশ্চিম পাশে নুরুল আবছারের বাড়ির সংলগ্ন একটি বারোমাসি আমের বাগান রয়েছে। মঙ্গলবার সকালে দুর্বৃত্তরা ওই বাগানে প্রবেশ করে প্রায় ১৫ থেকে ২০টি আমগাছসহ অন্যান্য ফলের গাছ কেটে ফেলে। কেটে দেওয়া আমগাছগুলোর প্রতিটিতেই মুকুল ছিল বলে জানা গেছে।
ভুক্তভোগী নুরুল আবছার জানান, এলাকার মসজিদ কমিটি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর জের ধরেই দুর্বৃত্তরা তাঁর বাগানের গাছগুলো কেটে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। মঙ্গলবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি।
এ ঘটনায় মঙ্গলবার সকালে সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নুরুল আবছার।
তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় এবং অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.