উত্তর ফটিকছড়ি উপজেলা সদর দপ্তর ন্যায্য স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম, ২০ জুলাই ২০২৬:
উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ভৌগোলিকভাবে ন্যায্য ও জনস্বার্থসংশ্লিষ্ট স্থানে স্থাপনের দাবিতে চার ইউনিয়নের বাসিন্দারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ দাবির অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, উত্তর ফটিকছড়ির মূল অংশ ভূজপুর, দাঁতমারা, নারায়ণহাট ও হারুয়ালছড়ি ইউনিয়ন নিয়ে গঠিত। এই চার ইউনিয়নের ভৌগোলিক মধ্যবর্তী স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে তা সাধারণ মানুষের জন্য অধিকতর সহজলভ্য, যৌক্তিক ও জনবান্ধব হবে।

তাদের অভিযোগ, স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা এবং ভৌগোলিক বাস্তবতা উপেক্ষা করে শুধুমাত্র ভূজপুরে উপজেলা কার্যক্রম শুরু করা হয়েছে। এতে অন্য তিন ইউনিয়নের বাসিন্দারা প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণে ভোগান্তির আশঙ্কা করছেন।

আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগ ব্যবস্থা, জনস্বার্থ এবং স্থানীয় জনগণের মতামত বিবেচনায় নিয়ে উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তরের স্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.