সন্দ্বীপের খাল পুনঃখনন ও উড়িরচর রক্ষায় ইউএনও’র কাছে স্মারকলিপি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার খালসমূহ পুনঃখনন, নতুন জেগে ওঠা ভূমি সংরক্ষণ এবং উড়িরচরের নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের কাছে এ স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপিতে বলা হয়, সন্দ্বীপের কৃষিভিত্তিক অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নের স্বার্থে খাল পুনঃখনন এবং জলাশয় পুনরুদ্ধার এখন অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে বিভিন্ন খাল নাব্যতা হারানো, ভরাট হয়ে যাওয়া এবং অবৈধ দখলের কারণে সেগুলোর স্বাভাবিক কার্যকারিতা নষ্ট হয়েছে। এর ফলে সেচ ব্যবস্থায় সংকট সৃষ্টি হচ্ছে এবং কৃষি উৎপাদনও ব্যাহত হচ্ছে।
এছাড়া সন্দ্বীপের চারপাশে জেগে ওঠা নতুন চরাঞ্চল ও ভূমিগুলোকে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে সেগুলোর জরিপ, সংরক্ষণ ও পরিকল্পিত ব্যবস্থাপনার দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, এসব ভূমিকে কৃষি, বনায়ন ও উৎপাদনমুখী বিভিন্ন কর্মকাণ্ডের আওতায় আনা গেলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
স্মারকলিপিতে বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন উড়িরচরের চলমান নদীভাঙনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, বছরের পর বছর নদীভাঙনের কারণে উড়িরচরের বহু পরিবার তাদের বসতভিটা ও কৃষিজমি হারিয়েছে। ভাঙনের ফলে মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে এবং কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ অবস্থায় উড়িরচর রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ, নদীশাসন প্রকল্প বাস্তবায়ন এবং ভাঙনপ্রবণ এলাকায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের আহ্বান জানানো হয়।
স্মারকলিপি প্রদান শেষে আবুল কালাম আজাদ বলেন, “একসময় সন্দ্বীপের খালগুলো কৃষি, মৎস্যসম্পদ, পানি নিষ্কাশন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে ভূমিকা পালন করত। এসব খাল পুনঃখনন করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় অর্থনীতির বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।”
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করলে সন্দ্বীপের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে এবং উড়িরচরের বাসিন্দারা নদীভাঙনের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।
স্মারকলিপি প্রদানকালে আশ্রাফ উদ্দিন, নিয়াজ উদ্দিন, এরশাদ উল্লাহ, জাহাঙ্গীর আলম জাবেদ, আব্দুর রহিম, সালাউদ্দিন, সোহেল, কামরুল হাসান, মোহাইমিনুল কাদের শুভ, কায়েস রমজান আলী, ইকরাম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.