স্টেশন মাস্টারদের দীর্ঘদিনের দাবি নিয়ে রেলভবনে সভা, দ্রুত পদোন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর
বাংলাদেশ রেলওয়ের স্টেশন মাস্টারদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও পেশাগত সমস্যার সমাধানে রেলভবনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি। এতে রেলওয়ের স্টেশন মাস্টারদের দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে আটকে থাকা স্টেশন মাস্টার গ্রেড-২ পদোন্নতি, দ্রুত নতুন স্টেশন মাস্টার নিয়োগ, স্টেশন মাস্টারদের একধাপ বেতন উন্নীতকরণ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. রুপম আনোয়ার, অতিরিক্ত সচিব (বাজেট ও পরিবীক্ষণ অনুবিভাগ) হাসান মাহমুদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) ফকির মো. মহিউদ্দিন, পরিচালক (সংস্থাপন) জাকির হোসেন, পরিচালক ট্রাফিক (বাণিজ্যিক) মো. মিজানুর রহমান এবং উপপরিচালক (টিটি) মো. মেহেদী হাসান।
বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ইউনিয়নের পক্ষে সভায় অংশ নেন সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাইয়ুম মিয়া, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাজু, মো. আনোয়ার হোসেন সাদাত, কার্যকরী সদস্য জিয়াউর রহমান, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ফখরুল আলম পারভেজ, কার্যকরী সভাপতি আবু জাফর মজুমদার, পাকশী বিভাগীয় কমিটির সভাপতি মির্জা কামরুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিটির সেক্রেটারি সোলায়মান কবিরসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।
সভায় স্টেশন মাস্টারদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে মনোযোগ দিয়ে আলোচনা শেষে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব দ্রুত পদোন্নতি প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নেতারা আশা প্রকাশ করেন, এ সভার মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলোর বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং রেলওয়ের পরিচালন কার্যক্রম আরও গতিশীল হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.