ক্যালকুলেটর তুলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ হাটহাজারী
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চন্দ্রপুর এলাকায় পুকুরে ডুবে আইয়ান (দেড়) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছরের শিশু আইয়ান বাড়ির উঠানে একটি ক্যালকুলেটর নিয়ে খেলছিল। খেলতে খেলতে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির সামনের পুকুরপাড়ে চলে যায়। এ সময় তার হাত থেকে ক্যালকুলেটরটি পুকুরের পানিতে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে শিশুটিও পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালেও নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আইয়ান ওই এলাকার প্রবাসী আজিজ উল্লাহর একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মাঝেও গভীর শোকের ছায়া বিরাজ করছে।
স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে বাড়ির আশপাশে থাকা পুকুর ও জলাশয়ের ক্ষেত্রে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.