কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, সরকার ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে “সি হার্ট” (Sea Heart) গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানে সর্বমোট ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা।

অভিযান শেষে জব্দ করা জালসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.