পল্লবীতে শিশু রামিসা হত্যা: ৪৭ পৃষ্ঠার চার্জশিট দাখিল : ১ জুন শুরু হচ্ছে বিচার

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার আগামী ১ জুন শুরু হবে।

রোববার (২৫ মে) বিকেলে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। অভিযোগ গঠন সম্পন্ন হলে সেদিন থেকেই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।

একইদিনে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান আদালতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ৪৭ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন। এতে ১৫ জনকে সাক্ষী করা হয়েছে।

চার্জশিটে সোহেল রানার বিরুদ্ধে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ওই অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক মামলাটি পরবর্তী বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয় এবং মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই স্বপ্না আক্তারকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরে গত ২১ মে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।