পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৬০০ লিটার ডিজেল জব্দ, পালিয়েছে চোরাকারবারিরা

নিউজ:
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে স্থানান্তরকালে ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (২ মে ২০২৬) মধ্যরাত ১২টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি সাম্পান বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬৯ হাজার টাকা মূল্যের ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ডিজেল ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ড জানিয়েছে।