খাজা গরীব উল্লাহ শাহ মাজারে ২০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ডা. শাহাদাতের

খাজা গরীব উল্লাহ শাহ মাজারে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডা. শাহাদাতের---

চট্টগ্রাম নগরীর দামপাড়া হযরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজার এলাকায় কোনো ধরনের মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, মাজার একটি পবিত্র স্থান। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ জিয়ারত ও ইবাদত করতে আসেন। তাই মাজারের পবিত্রতা ও পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। মাজার এলাকায় মাদক, সন্ত্রাস কিংবা অনৈতিক কর্মকাণ্ড যাতে সংঘটিত হতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকার খবর পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৯ নভেম্বর) সকালে নগরীর দামপাড়া খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে আশ্রয় নেওয়া অসহায় মানুষের মাঝে কম্বল, মশারি ও বালিশ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এদিন ২০০ অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন, মাজারে আশ্রয় নেওয়া মানুষদের প্রতিদিন খাবারের ব্যবস্থা করা হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে সুরক্ষায় তাদের মশারি দেওয়া হচ্ছে। পাশাপাশি শীতের রাতে স্বস্তিতে থাকার জন্য বিতরণ করা হচ্ছে কম্বল ও বালিশ।

মাজারের সার্বিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ডা. শাহাদাত বলেন, দানবাক্স খোলার ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয় এবং সংগৃহীত অর্থ যথাযথ প্রক্রিয়ায় ব্যাংকে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাজার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাজারে আগত মুসল্লি, ভক্ত ও সংশ্লিষ্ট সবাইকে পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মাজারের পরিবেশ সুন্দর ও পবিত্র রাখতে সবাইকে সচেতন হতে হবে।

শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে প্রশাসক বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সদস্য আবদুল হালিম স্বপন, মোহাম্মদ ইদ্রিস আলী, আবদুল আহাদ রিপন, মো. রুবেল, আবদুল মান্নান, হিসাবরক্ষক আনিসুর রহমান, রায়হান আলম, জাহাঙ্গীর হোসেন, মসজিদের ইমাম হাফেজ মাওলানা নেছার উদ্দিন, মোয়াজ্জেম হাফেজ মাওলানা ইমরানুল ইসলাম, সহকারী মোয়াজ্জেম হাফেজ মাওলানা আবু বক্কর, এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা শফিউল আলম ও হাফেজ মাওলানা আবুল বশর প্রমুখ।