চট্টগ্রামে সাইফা ট্রাভেলসের ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম: পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের সঠিক প্রস্তুতি, ধর্মীয় বিধিবিধান সম্পর্কে ধারণা এবং নির্বিঘ্ন সফর নিশ্চিত করতে চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ওমরাহযাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, ওমরাহ পালনের নিয়মকানুন এবং সফরকালীন করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং ওমরাহযাত্রীদের নিরাপদ সফর ও ইবাদত কবুলের জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, মাওলানা নেজাম উদ্দিন নেজামী, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা সৈয়দ আহমদ আল কাদেরী ও হাফেজ মাওলানা শাকের রেজা কাদেরী।

অনুষ্ঠানে হজ কাফেলার মুয়াল্লিম হাফেজ মাওলানা নুরুল মোস্তাফা ওমরাহযাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সফরের প্রস্তুতিমূলক পরামর্শ দেন। এ সময় যাত্রীদের হাতে লাগেজ ট্যাগ, পাসপোর্ট ও ভিসার কপি এবং জরুরি যোগাযোগের নম্বর তুলে দেন সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান মহিউদ্দিন সোহেল।

বক্তারা বলেন, পবিত্র ওমরাহ সঠিকভাবে সম্পন্ন করতে ধর্মীয় বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। পাশাপাশি সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সফরকালীন নিয়মকানুন মেনে চলার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা শাহেদুল আলম, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা সৈয়দ আহমদ, মাওলানা আসহাব উদ্দিন ও মাওলানা এনামুল কারীম কাদেরীসহ সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরসের ওমরাহযাত্রীরা।

মাহফিলের শেষ পর্যায়ে ওমরাহযাত্রীদের সফর নির্বিঘ্ন, নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়া এবং তাঁদের পবিত্র ওমরাহ কবুল হওয়ার কামনায় বিশেষ মোনাজাত করা হয়।