নন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে তিন গুণীজনকে সংবর্ধনা

 ‘যে সমাজে গুণীর কদর, সে সমাজ মর্যাদাবান-স্বনির্ভর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের নন্দীরহাট শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) শিবকল্প মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবির্ভাব দিবস উদযাপন কমিটির সভাপতি ডা. স্বপন কুমার চৌধুরী। সেবাশ্রমের সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিশেষ শিশু শুভনীল দাশ রিভুর গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন সম্পাদক রিপন দত্ত।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান ও প্রবীণ মানবিক চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. পূর্ণেন্দু বিকাশ (পিবি) রায়, দানশীল ব্যক্তিত্ব ও বিভিন্ন মঠ-মন্দির, অনাথালয়সহ মানবিক প্রতিষ্ঠানের নির্মাতা ও সংস্কারক এবং চাক্তাই শ্রীশ্রী লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অজয় কৃষ্ণ দাশ মজুমদার এবং বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, সমাজ অনুধাবক, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন ও দি আর্বান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক শ্রী নারায়ণ কান্তি চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।

সেবাশ্রমের পক্ষ থেকে তিন গুণীজনকে উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁদের কর্মময় জীবনের ওপর লেখা জীবনী পাঠ করেন লায়ন তপন কান্তি দত্ত, দিলীপ চক্রবর্তী ও সুব্রত ভৌমিক।

সভায় সংবর্ধিত অতিথিদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন চুয়েটের পুরকৌশল বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. সুদীপ পাল, লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন উত্তম দাশ, চাক্তাই লোকনাথ ধামের সহসভাপতি শ্রী স্বপন সাহা, আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের ট্রাস্টি কাঞ্চন তালুকদার, আলোচক অধ্যাপক ডা. অলক বিশ্বাস, শিক্ষাবিদ শ্রী সুভাষ চন্দ্র দাশ, সমাজসেবক শ্রী প্রণব সাহা বাবলু, সেবাশ্রম সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশ ও সহসভাপতি মৃণাল কান্তি সূত্রধর।

এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বাসনা রানী মুহুরী, শুভাশীষ রায়, শুক্লা চৌধুরী, পারমিতা চৌধুরীসহ সেবাশ্রমের কর্মকর্তা, সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।