পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে চোরাইকৃত কয়লা-গমের ভুষিসহ ২ কাঠের বোট জব্দ

চট্টগ্রাম, ৩১ জুলাই: চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গায় চোরাইকৃত খনিজ কয়লা ও গমের ভুষিসহ দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা এবং ৬০০ কেজি গমের ভুষি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি কাঠের বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামত ও কাঠের বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।