বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গত পরিবারের পাশে পার্কভিউ হাসপাতাল, বিতরণ করা হলো ঢেউটিন

চট্টগ্রাম: সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হাসপাতাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের প্রতিনিধিরা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের নির্দেশনায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন হাসপাতালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম। সহযোগিতা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন এবং অফিসার মশিউর রহমান।

পার্কভিউ হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার অন্যতম অঙ্গীকার। মানুষের প্রয়োজনের মুহূর্তে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াকে প্রতিষ্ঠানটি দায়িত্ব হিসেবে বিবেচনা করে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা পার্কভিউ হাসপাতাল লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে এই ঢেউটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন করে ঘুরে দাঁড়াতে তাদের সাহস ও অনুপ্রেরণা জোগাবে।

স্থানীয়দের মতে, চিকিৎসাসেবার পাশাপাশি দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়ে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।