চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরজাহান বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত সর্বশেষ স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা নুরজাহান বেগমকে গত ২৬ জুলাই মুমূর্ষু অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের মতে, ডেঙ্গুর পাশাপাশি উচ্চ রক্তচাপজনিত (HTN) জটিলতার কারণে তার শরীরে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম (MODS) দেখা দেয়, যা মৃত্যুর কারণ হয়।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি আছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৫ জনে। আক্রান্তদের মধ্যে ১৯১ জন নারী, ৪৩৯ জন পুরুষ এবং ১২৫ জন শিশু।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ মাসে একাই ৪৫৭ জন আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরের মোট আক্রান্তের বড় একটি অংশ।
ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগে গত ১২ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে মরিয়ম বেগম (৩১) নামে আরেক নারীর মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়েছিল।