বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশপ্রেম না থাকলে কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিতে জড়াতে পারে না। তাই নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে গড়ে উঠতে হবে।
রোববার (২৬ জুলাই) দুপুরে একটি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করার সবচেয়ে বড় শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ভালোবাসার যে শিক্ষা দিয়ে গেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজিব, সাংগঠনিক সম্পাদক অয়ন খান এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহফিল খান নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনের প্রতিটি মুহূর্ত জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ ও মানবিক গুণাবলি অর্জনের কাজে লাগানোর আহ্বান জানান। তিনি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে মন্ত্রী কলেজ ক্যাম্পাসে শহীদ জিয়া মুক্তিযুদ্ধ কর্নার, জুলাই স্মৃতি কর্নারের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।