চট্টগ্রাম, ২৬ জুলাই: চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় জান্নাতুল মাওলা সিফা (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ছোটকুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফা উপজেলার কুমিরা কাজীপাড়া এলাকার মোহাম্মদ শহীদুল্লাহর মেয়ে এবং ছোটকুমিরা মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস সিফাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।