ঢাকা, ২৫ জুলাই: মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না; বরং বস্তুনিষ্ঠ সত্য ও ডেটাভিত্তিক তথ্যের ওপর নির্ভর করেই প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’-এর একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা একজন স্বাধীন সাংবাদিকের চিন্তাভাবনা, সামাজিক পর্যবেক্ষণ ও পেশাদারিত্বের সমন্বয়। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর গণমাধ্যম প্রায় একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করে মানুষকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব।
সাংবাদিকতার বিষয়ে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকের কাজ হলো ব্যক্তিগত আবেগ বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে তথ্য-উপাত্তের ভিত্তিতে সত্য তুলে ধরা। ডেটা বা নির্ভরযোগ্য তথ্য ছাড়া কোনো ধারণাকে সংবাদ হিসেবে উপস্থাপন করা উচিত নয়।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, সাংবাদিকদের ‘অ্যাক্টিভিস্ট’ নয়, বরং সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সমাজকে সঠিকভাবে তুলে ধরতে তথ্যভিত্তিক সংবাদচর্চার কোনো বিকল্প নেই।
এদিকে একই দিন দুপুরে রাজধানীর আরেকটি হোটেলে আয়োজিত ‘গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এআই প্রযুক্তির ব্যবহার এখন সময়ের অপরিহার্য দাবি।
দিনব্যাপী সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, চ্যালেঞ্জ, ডিজিটাল নেতৃত্ব, সুশাসন, সাইবার নিরাপত্তা ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এআই প্রযুক্তিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননাও প্রদান করা হয়।