সিলেট, ২৫ জুলাই: আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় প্রধান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আন্দোলনের ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।” তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতি দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “ভালোয় ভালোয় আমাদের দাবি মেনে নিন। যদি না মানেন, তাহলে এ দেশের মানুষ জীবন দিয়ে, গুলি খেয়ে ও পঙ্গুত্ব বরণ করে শিখেছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়।”
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকারও অতীতের ফ্যাসিবাদী শাসনের পথ অনুসরণ করছে। জনগণ আর কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, শহীদ ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের আত্মত্যাগের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও অভিযোগ করেন, সরকার প্রশাসন ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে। জনগণ এসব মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসী অধ্যুষিত এ অঞ্চল দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে অবহেলার শিকার। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত শেষ করার দাবি জানান তিনি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, খেলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।