বগুড়া, ২৫ জুলাই: দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম। সংবিধান ও প্রয়োজনীয় আইন অনুসরণ করে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নতুন রাষ্ট্রপতি হিসেবে তাঁর নিজের নাম নিয়ে চলা গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে দলীয় ফোরামের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। ব্যক্তিগতভাবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ বারবার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। তবে বিএনপি উন্নয়নের পদক্ষেপ নিলেই আওয়ামী লীগ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, ফলে দেশ কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারেনি।
তিনি আরও বলেন, সব বাধা অতিক্রম করে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়া হবে। দেশের যুবসমাজকে অত্যন্ত মেধাবী ও কর্মঠ উল্লেখ করে তাদের দক্ষতা ও সম্ভাবনাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বগুড়ার স্থানীয় সংসদ সদস্য, পল্লী উন্নয়ন একাডেমি এবং গবেষণাসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে গ্রামীণ উন্নয়ন, টেকসই পরিকল্পনা এবং নীতি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়