ঢাকা, ২৫ জুলাই ২০২৬: নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং আন্তরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। জবাবে নৌবাহিনী প্রধান তাঁর ওপর আস্থা রাখায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী তাঁর সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতকরণ, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার, আন্তর্জাতিক বাণিজ্যের সমুদ্রপথের নিরাপত্তা এবং সুনীল অর্থনীতির বিকাশে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার পাশাপাশি রাষ্ট্রগঠনে নৌবাহিনীর অবদানের প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের উদ্যোগে নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বাহিনীকে আরও আধুনিক, ত্রিমাত্রিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, নৌবাহিনী প্রধানের দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে আরও শক্তিশালী ও প্রযুক্তিসমৃদ্ধ বাহিনীতে পরিণত হবে।
নৌবাহিনী প্রধান বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি জানান, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ড ও ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজ ও অন্যান্য নৌযান নির্মাণ ও মেরামতের কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। পাশাপাশি ‘সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুদৃঢ় হচ্ছে।
এ সময় নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনী গড়ে তুলতে সকল নৌসদস্যের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।