চট্টগ্রামের আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন, ছেলে আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ ঘর থেকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। ঘাতক তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার সকালে মা-বাবার সঙ্গে বিয়ে নিয়ে রিমন দাশ গুপ্তের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মায়ের ওপর হামলা চালান। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রেও চিকিৎসা নিয়েছেন।

স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে কল্পনা দাশকে মৃত অবস্থায় পান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তিনি মারা যান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করে। ঘটনাস্থল ও হাসপাতাল থেকে দুই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।