পাহাড়ি ঢলের স্রোতে ভেসে বাঁশখালীতে দুই শিশুর মৃ*ত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে গিয়ে মিরাজ (৫) ও আশিক (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। অপরদিকে মিরাজ একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ নিজ বাড়ির উঠানে খেলতে বের হলে পূর্বদিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট প্রবল পানির স্রোতে দুই শিশু ভেসে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন এলাকায় ঝুঁকি বেড়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ নজর রাখার এবং বন্যা ও পাহাড়ি ঢলের সময় তাদের নিরাপদ স্থানে রাখার আহ্বান জানিয়েছে।