চট্টগ্রাম বন্দর ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত গ্লোবাল পোর্টস সেফটির যৌথ উদ্যোগে ‘রিজিওনাল ট্রেনিং কোর্স অন ইন্ডাস্ট্রিয়াল সেফটি’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ জুন) চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে ।
প্রশিক্ষণ কর্মসূচিতে ফ্রান্স, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী বক্তব্যে কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ বলেন, সমুদ্রবন্দরগুলোর শিল্প নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও চট্টগ্রাম বন্দর এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখবে।
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে বলেন, ফ্রান্স সরকারের সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে শিল্পঝুঁকি মোকাবিলা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
বিশিষ্ট শিল্প নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভিয়ার সালভির পরিচালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে আধুনিক কনটেইনার টার্মিনাল, তরল হাইড্রোকার্বন ডিপো, তেল-গ্যাস অপারেশন এবং রাসায়নিক সংরক্ষণাগারের ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে উন্নত কৌশল শেখানো হবে।
প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় কমিশনের ADAM সফটওয়্যার ও INERIS-এর PRIMARISK প্ল্যাটফর্ম ব্যবহার করে বড় ধরনের শিল্প দুর্ঘটনার সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ, নিরাপদ দূরত্ব নির্ধারণ, তেল টার্মিনাল ও ডিপো পরিদর্শনের মাধ্যমে বাস্তব ঝুঁকি মূল্যায়ন এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যক্রম পরিচালনা।
আয়োজকরা জানান, গ্লোবাল পোর্টস সেফটি প্রকল্পের মূল লক্ষ্য হলো আঞ্চলিক সামুদ্রিক খাতের জনবলের কারিগরি দক্ষতা বৃদ্ধি, শিল্প দুর্ঘটনা প্রতিরোধ, জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলকে আরও নিরাপদ করা।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় ও উপবিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বন্দর প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান মো. আবদুল হান্নান এবং সঞ্চালনায় ছিলেন ইনস্ট্রাক্টর সাঈদ ইমাম।