অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে প্রথম, মাদক উদ্ধারেও তৃতীয় চট্টগ্রাম জেলা পুলিশ

চট্টগ্রাম জেলা পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে “ক” গ্রুপে তৃতীয় স্থান লাভ করেছে জেলা পুলিশ।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত আইজি’জ ব্যাজ, শীল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ মো. আলী হোসেন ফকিরের কাছ থেকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলেই এ গৌরবোজ্জ্বল অর্জন সম্ভব হয়েছে।
এ অর্জনের জন্য পুলিশ সুপার মো. মাসুদ আলম চট্টগ্রাম জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।