টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বিদেশী রাইফেল ও ৭০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশী রাইফেল, তাজা গুলি ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় মাদককারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১১ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, টেকনাফ থানার লেদা খাল সংলগ্ন এলাকায় সোমবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশী রাইফেল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদকপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।