গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠনের উদ্যোগ, পরামর্শক কমিটি প্রস্তাব তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে অংশীজনদের সমন্বয়ে পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
রবিবার (৩ মে) ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।
মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে গণমাধ্যম জটিল বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ ও সংকটপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে তথ্য প্রবাহের চরিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। এতে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা মোকাবিলায় নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার একটি স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
গণমাধ্যম কমিশন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন জানান, সম্পাদক পরিষদ, সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও কার্যকর কাঠামো নির্ধারণ করা হবে।
সরকার গণমাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি নির্ভীক, বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সাংবাদিকতার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রতিটি গণমাধ্যমে শক্তিশালী ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়।
তিনি আরও বলেন, গণমাধ্যম কেবল ব্যবসা নয়, বরং রাষ্ট্র ও সমাজের ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ খাতকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।
আলোচনায় অংশ নেন নোয়াব সভাপতি ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, এটকোর মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।
এর আগে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে র‍্যালিটি তথ্য ভবনে এসে শেষ হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।