বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

১

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে মো. আবদুল্লাহ নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার সিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী ওসমান আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে বাড়ির মাটির গুদামঘরে খেলছিল আবদুল্লাহ। রাত ৯টার পর হঠাৎ কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা তার শরীরে সাপের কামড়ের দুটি দাগ দেখতে পান। এ সময় একটি সাপ চলে যেতেও দেখেন তাঁরা।

শিশুটির মা ওয়াফিকা আলিফ জানান, ছেলের চিৎকার শুনে কাছে গিয়ে তার ডান হাতের বগলের নিচে সাপের কামড়ের দাগ দেখতে পান। পরে হাসপাতালে টাঙানো সাপের ছবি দেখে সেটিকে পদ্ম গোখরা বলে শনাক্ত করেন। দ্রুত হাসপাতালে নেওয়ার পরও ছেলেকে বাঁচানো যায়নি।

শিশুটির চাচা তাহসিন জানান, রাত ১০টার দিকে আবদুল্লাহকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা দাশ বলেন, রাত ১০টার দিকে সাপে কামড়ানো অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। সাপের কামড় নিশ্চিত হওয়ার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.