চট্টগ্রাম বিভাগীয় এসডিজি কমিটিতে পটিয়ার শফিকুল ইসলাম পটিয়াসহ চট্টগ্রামকে বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক জনপদ হিসেবে গড়ার প্রত্যয়
চট্টগ্রাম (পটিয়া) প্রতিনিধি :
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় কার্যক্রমে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পটিয়ার রাজনীতিক ও সাবেক জনপ্রতিনিধি শফিকুল ইসলাম। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গত ১২ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত চট্টগ্রাম বিভাগীয় কমিটি’ পুনর্গঠনের বিষয়টি জানানো হয়। নবগঠিত এ কমিটিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, এনজিও, সুশীল সমাজ এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন শফিকুল ইসলাম।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা। এসডিজি বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং অগ্রগতি পর্যালোচনায় কাজ করবে এ কমিটি।
কমিটির কার্যপরিধি অনুযায়ী, বাংলাদেশের এসডিজি অগ্রাধিকারভিত্তিক লক্ষ্য সামনে রেখে উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও স্থানীয়করণ কার্যক্রমে সমন্বয় সাধন, বিভিন্ন পর্যায়ে এসডিজি বাস্তবায়নে সহযোগিতা, অগ্রগতি পর্যালোচনা, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে। পাশাপাশি এসডিজি বিষয়ে কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ আয়োজনেও ভূমিকা রাখবে কমিটি।
শফিকুল ইসলামের এ মনোনয়নকে ঘিরে পটিয়ার স্থানীয় সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাবেক জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়ন পর্যায়ের সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। বিভাগীয় পর্যায়ের এ কমিটিতে তাঁর অংশগ্রহণের মাধ্যমে পটিয়াসহ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন চাহিদা ও স্থানীয় সমস্যাগুলো তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে দারিদ্র্য বিমোচন, সামাজিক বৈষম্য হ্রাস, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ সুরক্ষা ও টেকসই অবকাঠামো উন্নয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এসডিজির অন্যতম লক্ষ্য। এসব ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে নবগঠিত কমিটির সদস্য শফিকুল ইসলাম বলেন, “বিভাগীয় পর্যায়ের এ গুরুত্বপূর্ণ কমিটিতে আমাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি, টেকসই উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক বৈষম্য দূর করার বিষয়গুলোও গভীরভাবে জড়িত।”
তিনি বলেন, “এ কমিটির মাধ্যমে পটিয়াসহ চট্টগ্রামের প্রত্যন্ত ও অবহেলিত এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদাগুলো তুলে ধরতে চাই। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নিম্নআয়ের মানুষ, নারী ও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদারে ভূমিকা রাখার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “উন্নয়ন যেন শুধু শহরকেন্দ্রিক না হয়ে গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যেই কাজ করতে চাই। দল-মতনির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে পটিয়াসহ চট্টগ্রামকে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে আমার অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।”
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.