পটিয়ায় কঠিন চিবর দানোৎসবে এমপি এনাম, ‘দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবার পাশে থাকতে চাই’

১৭

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় বাথুয়া জ্ঞানোদয় বিহারে ১০৫তম দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের বিপুলসংখ্যক দায়ক-দায়িকা ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, ‘আমি পটিয়ার সংসদ সদস্য হিসেবে দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সব মানুষের পাশে থাকতে চাই। বৌদ্ধ সম্প্রদায়সহ সব ধর্মীয় ও সামাজিক জনগোষ্ঠীর ন্যায্য দাবি, সমস্যা ও উন্নয়ন প্রত্যাশা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা রয়েছে। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এবং একে অপরের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন—এটাই সমাজ ও রাষ্ট্রের সৌন্দর্য।

তিনি আরও বলেন, কঠিন চিবর দানোৎসব শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; এটি ত্যাগ, সংযম, মানবকল্যাণ ও দানের অনন্য শিক্ষা বহন করে। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। পটিয়ার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পটিয়াকে শান্তিপূর্ণ, উন্নত ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তুলতে সব ধর্মের মানুষের সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী, আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ উদ্দীন চৌধুরী, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ চৌধুরী, আলমগীর, ছগির সওদাগর, ডা. নাসির উদ্দীন, পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ, দায়ক-দায়িকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.