৫৯৬ কোটি টাকার দেনা শোধ, আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন: দুই বছরের কাজের হিসাব দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গত দুই বছরের কর্মকাণ্ড ও উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত হিসাব তুলে ধরেছেন প্রশাসক। আর্থিক শৃঙ্খলা, সড়ক অবকাঠামো, জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ ও নাগরিক সেবাসহ বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগ ও অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেছেন, সীমিত বরাদ্দ ও নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকলেও উন্নয়নকাজ থেমে থাকেনি।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রিয় চট্টগ্রামবাসী’ সম্বোধনে দেওয়া এক বার্তায় গত দুই বছরের কাজের এই হিসাব তুলে ধরেন তিনি।
বার্তায় প্রশাসক বলেন, গত দুই বছর নগরবাসীর সেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি গড়ার প্রতিশ্রুতি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন। কতটা সফল হয়েছেন, তার বিচার নগরবাসীর ওপর ছেড়ে দিয়ে তিনি কাজের বিস্তারিত বিবরণ প্রকাশ করেন।
আর্থিক ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে প্রশাসক জানান, দায়িত্ব নেওয়ার সময় চসিকের ৫৯৬ কোটি টাকার দেনা ছিল, যা শূন্যে নামিয়ে আনা হয়েছে। চট্টগ্রাম বন্দরের গৃহকর বছরে ৪৫ কোটি টাকা থেকে বেড়ে ২২৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ ক্ষেত্রে আপিল শেষে ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৬টি বেসরকারি কন্টেইনার ইয়ার্ড পুনর্মূল্যায়নের আওতায় আনা হয়েছে, সাধারণ বাড়ির মালিকদের গৃহকর সহনীয় পর্যায়ে নামানো হয়েছে এবং রেকর্ড পরিমাণ পৌরকর আদায় হয়েছে।
অবকাঠামো উন্নয়নে ৪১টি ওয়ার্ডে প্রায় ৭০০টি উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজে ব্যয় হচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। এর মধ্যে ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ২০টি ব্রিজ, ৬০টি কালভার্ট ও ১২ কিলোমিটার রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ রয়েছে। পাশাপাশি ১০টি গোলচত্বর উন্নয়ন ও নির্মাণ করা হয়েছে। নগরীতে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ কর্মসূচির আওতায় চারটির কাজ শেষ হয়েছে, ১৫টির কাজ চলমান এবং ১৭টির দরপত্র প্রক্রিয়া চলছে। কুলগাঁওয়ে তৃতীয় বাস টার্মিনালের কাজও শেষের পথে।
জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে নিয়মিত সমন্বয় বৈঠক এবং প্রতিবছর প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার নালা পরিষ্কারের কথা উল্লেখ করেন মেয়র। বহদ্দারহাট, মুরাদপুর, মির্জাপুর, চকবাজার, বাকলিয়া ও আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতিতে অনেকটা স্বস্তি এসেছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া ৪০টি নতুন খাল খনন ও সংস্কারের পরিকল্পনা এবং ৩৬টি খাল রক্ষণাবেক্ষণের জন্য ডিপিপি প্রণয়নের কথাও জানান।
স্বাস্থ্যসেবায় ১০ লাখ শিশুকে টাইফয়েড, ছয় লাখ শিশুকে হাম এবং এক লাখ স্কুলছাত্রীকে এইচপিভি টিকা দেওয়া হয়েছে বলে জানান প্রশাসক। পাশাপাশি ১২ হাজার কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। মেমন হাসপাতালে নবজাতকদের জন্য এনআইসিইউ চালু এবং মেমন-২ হাসপাতালকে পূর্ণাঙ্গ ডায়ালাইসিস সেন্টারে রূপান্তরের কাজ চলছে। স্বল্পমূল্যে সিটি স্ক্যান ও এমআরআই সেবা, ৪১টি ওয়ার্ডের ডিসপেনসারিতে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং স্তন ও লিভার ক্যানসার সচেতনতায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।
চসিক জেনারেল হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালুর কথা উল্লেখ করে প্রশাসক বলেন, ঢাকায় ৫০ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলেও চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন হাজার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ কমাতে মোহরায় আট একর জমিতে হাসপাতাল নির্মাণ এবং চমেকে ডায়ালাইসিস সেন্টার আরও ছয় থেকে সাত মাস চালু রাখার ব্যবস্থার কথাও জানান তিনি।
শিক্ষা ও শিশুদের জন্য দেশে প্রথমবারের মতো ‘স্কুল হেলথ প্রোগ্রাম’ চালুর দাবি করেন প্রশাসক। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের ডিম, কলা ও দুধসহ পুষ্টিকর নাশতা এবং বিনামূল্যে চোখ, নাক-কান-গলা ও হৃদরোগ পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১১টির কাজ শেষ হয়েছে। বন্ধ শিশুপার্ক চালু, সবুজায়ন ও বিনোদনকেন্দ্র উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি।
নাগরিক সেবা সহজ করতে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালুর কথা জানিয়ে প্রশাসক বলেন, চার মাসে অ্যাপটিতে জমা পড়া ৬ হাজার ৫৪৩টি অভিযোগের মধ্যে ৪ হাজার ২০০টি সমাধান করা হয়েছে। সেবা কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসনিক জোনের সংখ্যা ছয়টি থেকে আটটিতে উন্নীত করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৫৫৭ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হয়েছে এবং ডিজিটাল জব পোর্টালের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ কার্যক্রম চালু করা হয়েছে। নগরীর ১৮ থেকে ২০টি পয়েন্টে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থা এবং শহরজুড়ে এআই নিরাপত্তা ক্যামেরা স্থাপনের কাজও শুরু হয়েছে।
পরিবেশবান্ধব ও নিরাপদ নগর গড়তে বিমানবন্দর সড়কে দেশের প্রথম ২ দশমিক ২ কিলোমিটার ডেডিকেটেড সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণের কথা জানান প্রশাসক। পতেঙ্গাসহ অন্যান্য এলাকায় এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। গত এক বছরে প্রায় দুই লাখ গাছ রোপণ করা হয়েছে, যার লক্ষ্যমাত্রা ১০ লাখ। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য কলোনি নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, অবৈধ ব্যানার-পোস্টার অপসারণ এবং হকারদের নির্দিষ্ট সময় ও স্থানে বসার মানবিক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে নগরীর ৮ থেকে ১০টি স্থানে আন্ডারগ্রাউন্ড মার্কেট নির্মাণ, কর্ণফুলী নদীর পাশে ৪০০ একর জায়গায় সৌরবিদ্যুৎচালিত পরিবেশবান্ধব পর্যটন নগরী গড়ে তোলা, খালে নৌপরিবহন চালু এবং রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন প্রশাসক।
দুই বছরের কাজের পথে বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করেন তিনি। প্রশাসকের দাবি, জাতীয় বাজেটে চসিক, সিডিএ ও ওয়াসা—এই তিন সেবা সংস্থার মধ্যে চসিক সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে। এমনকি চসিকের জলাবদ্ধতা প্রকল্পে কোনো বরাদ্দ ছিল না। মন্ত্রণালয়ে ফাইল ও প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রতার কারণে জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া নির্বাচিত কোনো ওয়ার্ড কাউন্সিলর পাশে না থাকায় মশক নিধন, পরিচ্ছন্নতা, সড়কবাতি ও জন্মনিবন্ধনের মতো নাগরিক সেবা সরাসরি ওয়ার্ডে গিয়ে তদারকি করতে হয়েছে বলে জানান প্রশাসক।
বার্তার শেষাংশে তিনি বলেন, সীমিত বরাদ্দ ও কাউন্সিলরবিহীন অবস্থায়ও উন্নয়নকাজ থেমে থাকেনি। পূর্ণাঙ্গ ক্ষমতা ও সম্পদ নিয়ে নগর সরকার প্রতিষ্ঠা করা গেলে চট্টগ্রামকে আরও দ্রুত পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট নগরীতে রূপান্তর করা সম্ভব।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, শহর সবার। নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং শহরকে নিজের মনে করে দায়িত্বশীল আচরণ করতে হবে। নগরবাসীর সহযোগিতা ও সমর্থনই তাঁর শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.