প্রশাসন-পুলিশে এখনো আওয়ামী লীগের লোকজন বহাল, সংস্কার না হওয়ার দায় সরকারের: জাবের
চট্টগ্রামের পটিয়ায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের আড়াই বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরে এখনো আওয়ামী লীগের লোকজন বহাল রয়েছেন। পুলিশ ও প্রশাসনের কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। এ ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া থানার মোড় এলাকায় ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
শহীদ ওসমান হাদি হত্যার বিচার বিলম্ব, তদন্তের নামে সময়ক্ষেপণ এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এরই অংশ হিসেবে পদযাত্রাটি পটিয়ায় পৌঁছালে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থান, পিলখানা ও শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। একই সঙ্গে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে শহীদি সমাবেশের ঘোষণা দেন নেতারা।
পথসভায় আবদুল্লাহ আল জাবের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় গোয়েন্দা বাহিনী এতটাই তৎপর ছিল যে, কেউ মাটির ১০ তলা নিচে লুকিয়ে থাকলেও তাকে খুঁজে বের করা হতো। অথচ এখন পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। পুলিশের নিয়োগ ও কাঠামোর বিভিন্ন স্তরে এখনো আগের ব্যবস্থার প্রভাব রয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের আড়াই বছর পরও শুধু ওপরের কয়েকটি পদে পরিবর্তন এনে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমলাতন্ত্রের ৮০ থেকে ৯০ শতাংশের মতো অংশে আওয়ামী লীগের অনুসারীরা এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বলে তাঁরা মনে করেন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরও বিভিন্ন সেক্টরে তাঁদের উপস্থিতি রয়েছে। এই দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে কিংবা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু হলে তার দায় আওয়ামী লীগের পাশাপাশি সরকারকেও নিতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনের সময় যে পুলিশ মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগের মুখে পড়েছিল, সেই পুলিশ এখন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রী এড়াতে পারেন না। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁর পদ ছেড়ে দেওয়া উচিত।
আওয়ামী লীগের পুনর্বাসন ও বিভিন্ন জায়গায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা নিয়েও প্রশ্ন তোলেন আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থার কাছে তথ্য থাকার পরও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁর ভাষ্য, ন্যায্য দাবিতে আন্দোলন করার অধিকার সবার রয়েছে। তবে আন্দোলনের নামে অপরাধ হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে জুলুম করা যাবে না।
তিনি সরকারকে বিচার বিভাগ ও প্রশাসনিক ব্যবস্থার সংস্কার করে গত দেড় দশকে নির্যাতন-নিপীড়নের শিকার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
পথসভায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, তাঁরা একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আন্দোলন করছেন। শুধু রাষ্ট্রের কাছে ইনসাফ চাইলে হবে না, প্রত্যেককে নিজের অবস্থান থেকেও মানুষের সঙ্গে ইনসাফ করতে হবে। ব্যক্তিগত স্বার্থ কিংবা রাজনৈতিক ক্ষমতা অর্জন মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। মানুষের জন্য কতটুকু কাজ করা গেল, সেটিই হওয়া উচিত রাজনীতির মূল উদ্দেশ্য।
তিনি বলেন, গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের ন্যায়বিচারের বিষয়টি এখনো যথাযথ গুরুত্ব পাচ্ছে না। গুমসংক্রান্ত বিষয়ে কথা বলা মানুষগুলোর কণ্ঠ যেন আরও বেশি উপেক্ষিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
জুমা আরও বলেন, তাঁদের সঙ্গে কেউ আন্দোলনে না থাকলেও অন্তত বাধা সৃষ্টি করা উচিত নয়। বাংলাদেশের জনগণের সমর্থন ছাড়া তিন দফা দাবি আদায় সম্ভব নয়। জনগণের নৈতিক সমর্থন ও সহযোগিতা নিয়ে দাবিগুলো আদায় করেই তাঁরা ঘরে ফিরতে চান।
পথসভা থেকে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে শহীদ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শহীদি সমাবেশে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ইনকিলাব মঞ্চের নেতারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.